দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেট অব থিংস (আইওটি) সল্যুশন দিতে প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে গ্রামীণফোন।
ডাটাসফটের আইওটি অ্যাপ্লিকেশন উন্নয়নের দক্ষতা এবং গ্রামীণফোনের কানেক্টিভিটি প্ল্যান ও ম্যানেজড প্ল্যাটফর্মের কার্যকরী ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সামগ্রিক ইন্টারনেট অব থিংস (আইওটি) সল্যুশন তৈরি করা হবে।
রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের করপোরেট কার্যালয় ‘জিপি হাউজে’ এ সমঝোতা স্মারকটি সই হয়।
যৌথ এ উদ্যোগ সম্পদের দক্ষ ব্যবহার, অটোমেটেড রুটিন ম্যানুয়াল টাস্ক- এর নতুন সম্ভাবনাকে উন্মোচন করবে। পাশাপাশি এ চুক্তি ইউটিলিটি, ম্যানুফ্যাকচারিং, অটোমোটিভ, পরিবহন এবং লজিস্টিক সহ অন্যান্য খাতে সিদ্ধান্ত নেয়ার দক্ষতা বাড়িয়ে তুলবে বলে আশা করে গ্রামীণফোন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন: আমাদের লক্ষ্য ডাটাসফটের সহযোগিতায় উদ্ভাবনী আইওটি সেবা দেয়া। এসব সেবার মধ্যে থাকবে কানেক্টিভিটি, অ্যাপ্লিকেশন, এন্ড-টু-এন্ড ডিভাইস ম্যানেজমেন্ট ও এমটুএম (মেশিন টু মেশিন) সাপোর্ট সার্ভিস। যা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল যাত্রার সূচনাকে আরও সহজ করবে।
ডাটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন: ক্লাউড, অ্যানালিটিকস ও আইওটি’র সহায়তায় প্রযুক্তি বিষয়ক দেশের শীর্ষস্থানীয় দু’টি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব আমাদের ব্যবসাক্ষেত্রে আইওটি বাস্তবায়নের সম্ভাব্যতা বৃদ্ধিতে সহায়তা করবে।
সম্প্রতি গ্রামীণফোন কর্পোরেট গ্রাহকদের ব্যবসার প্রয়োজনে ‘মেশিন টু মেশিন’ (এম টু এম) সেবা চালু করেছে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড দেশের প্রথম আইএসও সনদ পাওয়া সফটওয়্যার প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার সহায়তায় আইওটি রিসোর্স ডেভলপমেন্ট কর্মসূচির মাধ্যমে নিজস্ব আইওটি ল্যাবে ৩শ’ জনকে প্রশিক্ষণ দিচ্ছে।








