ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে নাভিশ্বাস উঠেছিল বাংলাদেশের। ৪৩ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২-০তে সিরিজ হারের যন্ত্রণা মনে রেখেছে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে একই প্রতিপক্ষকে পেয়ে সেই যন্ত্রণা ফিরিয়ে দেয়ার পথে টিম টাইগার্স। চট্টগ্রাম, মিরপুরকেই তারা বানাতে চায় অ্যান্টিগা, জ্যামাইকা।
চট্টগ্রামে উইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে সিরিজে লিড নেয়া বাংলাদেশ মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে চালকের আসনে। সিরিজ ২-০ করতে মরিয়া স্বাগতিকদের হৃদয়ে ঝড় তুলেছে জয়ের নেশা।
বাংলাদেশের দেয়া ৫০৮ রানের জবাবে উইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ৭৫ রান তুলে। ফলো-অন এড়াতেই সফরকারীদের করতে হবে আরও ২৩৩ রান। শনিবার বিকেলে বাংলাদেশের স্পিন বিষে যেভাবে পুড়ে নীল হয়েছে ক্যারিবীয় ব্যাটিং-অর্ডার, তাতে মিরপুর টেস্ট জয়ের কক্ষপথে বাংলাদেশ এমনটা বলাই যায়।
স্বপ্নের মতো দিন কাটিয়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, উইন্ডিজ সফরের দুঃসহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় টাইগারদের। আর সিরিজ শুরুর আগে দলকে উজ্জীবিত করতে অধিনায়ক সাকিব আল হাসান সেটি মনে করিয়ে দিয়েছেন আরেকবার।
‘‘যখন টেস্ট সিরিজটা শুরু হয়, তখন সাকিব একটা কথা বলেছিল, ‘আমার মনে হয় এটা আমাদের মনে রাখা উচিত, ওখানে আমরা কীভাবে হেরেছিলাম। ওই হার দুটো মনে রাখলে, এখানে আমরা মোটিভেট হতে পারবো।’ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’’
‘আমার মনে হয় সাকিবের ওই বক্তব্য সবাইকে উজ্জীবিত করেছে। হারটা যদি সহজেই ভুলে যান তো শেখার কিছু থাকল না। সাকিবের কথাটা তাই ভালো একটা মেসেজ ছিল। আমার মনে হয় কথাগুলো দলকে মোটিভেট করেছে।’








