দক্ষিণ ভারতের সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টু পয়েন্ট জিরো’ বা ‘রোবট টু’র ট্রেলার মুক্তি পেল আজ। বেশ কয়েক দফা পরিবর্তনের পর চলতি বছর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা। মুক্তির আগে আজ শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার।
ট্রেলারটিতে দেখানো হয়েছে, মানুষ কতটা প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে, প্রযুক্তি জীবন কতটা সহজ করে দিচ্ছে কিন্তু একই সঙ্গে এটি হতে পারে বিপদের কারণ। অ্যাকশনে ভরপুর এ ট্রেলারটির মূল আকর্ষণ অক্ষয় কুমারের সঙ্গে চিট্টির ভূমিকায় রজনীকান্তের লড়াই। এছাড়া এ্যামি জ্যাকসনকে দেখা গেছে রোবটের ভূমিকায়।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা ‘রোবট’। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল ‘এন্থিরাম’ । এ সিনেমার সিক্যুয়েল ‘টু পয়েন্ট জিরো’। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছে সিনেমাটি। সিনেমাটিতে কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান।
‘টু পয়েন্ট জিরো’ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। রজনীকান্ত, অক্ষয় কুমার, এ্যামি জ্যাকসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। চলতি বছরের ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে।








