বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে অ্যাকর্ড ও এলায়েন্সের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার ও বিজিএমইএকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
সোমবার বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ প্রদান উপলক্ষে সংগঠনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বার্নিকাট বলেন, দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া না হলে আন্তর্জাতিক ক্রেতা ও ভোক্তাদের কাছে বাংলাদেশের পোশাক কারখানারে বিষয়ে নেতিবাচক বার্তা যেতে পারে।
বাংলাদশের শ্রম আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করারও পরামর্শ দিয়ে তিনি বলেন, নতুন শ্রমিকদের নিয়োগ দিতে হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করতে হবে। একই সঙ্গে শ্রমিক সমস্যা সমাধান করতে হবে।
তৈরি পোশাক খাতের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশে বিস্ময়কর উন্নতি হয়েছে, যা আন্তর্জাতিক মানের। ভালো বাজার খুঁজে পেতে বিজিএমইএ বেশ ভালো মার্কেটিং করেছে। নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে ক্রেতা জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের সহায়তা করেছে।
২০১৫ সাল থেকে বিজিএমইএ ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) যৌথভাবে তৈরি পোশাকের ওপর সেরা প্রতিবেদনে সাংবাদিকদের জার্নালিজম ফেলোশিপ দিয়ে আসছে।
এবছর এই ফেলোশিপ পেয়েছেন ৬ জন সাংবাদিক। তাদের যুক্তরাষ্ট্রের সম্মানজনক প্রোগ্রাম ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি)’ আন্তর্জাতিক মানের পেশাজীবীদের সাথে মতবিনিময়ে সুযোগ দেয়া হবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই প্রোগ্রামের আয়োজন করে থাকে। এই প্রোগ্রামে অংশ গ্রহণ করতে ফেলোশিপ প্রাপ্ত সাংবাদিকদের স্বাগতম জানান মার্কিন রাষ্ট্রদূত।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ ২০১৭ প্রোগ্রামের নির্বাচিত ৬ সাংবাদিক আগামী ২৩ জুন সপ্তাহব্যাপী শিক্ষা সফরের জন্য আমেরিকা যাবেন। তারা ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে সে দেশের নীতিনির্ধারক, সাংবাদিক, পোশাক শিল্পের শীর্ষ কর্মকর্তা, শ্রমিক ও ভোক্তা সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করবেন। এর মাধ্যমে ফেলোশিপ পাওয়া সাংবাদিকরা নিজেদের সমৃদ্ধ করবেন, যা দেশের পোশাক খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেলোশিপের মেন্টর গাজী মিডিয়া গ্রুপের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিজিএমইএ’র সহসভাপতি মোহাম্মদ নাছির, বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিকী ও সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নৌরিন চৌধুরী প্রমুখ।








