অসৎ এবং কর ফাঁকিবাজ ব্যবসায়ীদের তালিকা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, তালিকা ধরে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করবে এনবিআর।
বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রথমেই গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, মানুষকে হয়রানি না করে রাজস্ব আয় বাড়াতেই দিকনির্দেশনা দিয়েছেন রাজস্ব কর্মকর্তাদের। তল্লাশির নামে বিদেশগামী যাত্রী কিংবা প্রবাসীদের যেনো ভোগান্তির শিকার না হতে হয় সে ব্যাপারে মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন তিনি।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দূর্ভাগ্যের বিষয় হলো আচরণের দিক থেকে আমরা জাতি হিসেবে খুব একটা প্রশংসনীয় নই। এটি সংশোধন করা শুধু আওয়ামীলীগ বা প্রধানমন্ত্রীর একার দায়িত্ব নয়। সার্বিকভাবে আমাদের সবার দায়িত্ব।
কর ফাঁকি ঠেকাতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার ব্যাপারে কোন ছাড় নয় বলে মন্তব্য করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: নজিবুর রহমান।
চোরাচালানীসহ যে কোন ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িতদের ধরতে শুল্ক গোয়েন্দারা দেশি-বিদেশী এজেন্সির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক।
চোরাচালানের তথ্যদাতাদের প্রণোদনা অর্থাৎ সোর্স মানি বৃদ্ধির ব্যাপারে সরকার কোন কার্পণ্য করবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।







