মাশরাফি বিন মর্তুজা হাঁটুর ইনজুরিতে পড়ে একাধিকবার অস্ট্রেলিয়ার শল্যবিদ ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন হয়েছেন। সবশেষ ২০১৫ সালের জুনে ইয়াংয়ের ছুরির নিচে গেছেন শাহাদাত হোসেন রাজিব। একই ধরনের চোট নিয়ে এবার ইয়াংয়ের শরণাপন্ন হচ্ছেন মোহাম্মদ শহীদ। রোববার রাত ৯টার ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই পেসার।
শহীদের হাঁটু পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবেন ইয়াং। চোটের ধরন দেখে বিসিবির চিকিৎসকদের ধারণা শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্তই নেবেন অজি চিকিৎসক। শহীদ তাই অস্ত্রোপচারের মানসিক প্রস্তুতি নিয়েই দেশ ছাড়ছেন।
ভবিষ্যৎ ঝুঁকি এড়ানোর জন্য হাঁটুর অস্ত্রোপচার করাতে ইতিবাচক ছিলেন শহীদ। বিসিবিও চাইছে শতভাগ ফিট হয়ে মাঠে নামুক এই পেসার। শহীদ নিজেও চাইছেন পুরোপুরি ফিট হয়েই আবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে।
শনিবার বিসিবির একাডেমি ভবনে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়ে দেশবাসীর শুভকামনা চেয়েছেন শহীদ, ‘অপারেশনের মুখোমুখি এর আগে কখনও হইনি। দেশবাসীর কাছে দোয়া চাই। সুস্থভাবে যেন ফিরে আসতে পারি, দেশের হয়ে আবারো খেলতে পারি। অপারেশনটা যেন সফল হয়, এই দোয়া চাই।’
অস্ত্রোপচার নিয়ে শাহাদাতের অভিজ্ঞতা শুনেছেন শহীদ। তাতে ভয়টা কমেছে, ‘শাহাদাতের সঙ্গে কথা হয়েছে। বললো, ওরকম কিছুই না। তুই কিছু টেরই পাবি না। দ্রুত মাঠে ফেরা নির্ভর করবে পুনর্বাসন প্রক্রিয়ার ওপর।’
বিপিএলের চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে দুর্দান্ত বোলিং করে যাচ্ছিলেন শহীদ। এক পর্যায়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ শিকার দখলের লড়াইয়ে ছিলেন ভালোভাবেই। নিউজিল্যান্ড সিরিজের আগে শহীদকে ঘিরে আলাদা ভাবনা তৈরি হয়েছিল টিম ম্যানেজমেন্টেরও। এরপরই দুর্ভাগ্য হয়ে এলো চোট।
গত বছরের ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান এই ক্রিকেটার। এমআরআই করানোর পর দেখা যায়, তার এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে।








