ভ্যাকসিন ইস্যুতে বিতর্কে জড়িয়ে একরাশ হতাশা নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই দেশে ফিরতে হয়েছিল নোভাক জোকোভিচকে। অজি মাটি থেকে বিতাড়িত সার্বিয়ান কিংবদন্তি আরব আমিরাতে পেলেন উষ্ণ অভ্যর্থনা। ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দুবাই গেছেন তিনি।
করোনা ভ্যাকসিন ইস্যুতে কম জল ঘোলা করেননি জোকো। বছরের প্রথম মাসে টেনিস বিশ্বে আলোচনার কেন্দ্রে ছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম ঘরে তুলেছেন। ২০টির মালিক জোকার দৌড়ে পড়েছেন পিছিয়ে। ভ্যাকসিন না নিলে খেলতে পারবেন না ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনেও।
তাতেও যেন কিছু যায় আসে না জোকোভিচের। পরিষ্কার জানিয়ে দিয়েছেন টিকা নিচ্ছেন না। টিকা বিষয়ে জটিলতা না থাকায় দুবাই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পৌঁছে গেছেন তিনি। কোর্টে নামার আগেই সিক্ত হয়েছেন ভক্তদের ভালোবাসায়।
‘আমি রোববার মাঠে নামতে মুখিয়ে আছি। ভিসা নিয়ে নানা জটিলতার মাঝে থাকার পরও বলব, টেনিসকে ভীষণভাবে মিস করেছি। এই আসরে থাকতে পারায় গর্বিত।’
ভ্যাকসিন না নেয়ায় বড় আসরগুলোতে খেলতে পারবেন না জোকো। সে ব্যাপারে গত সপ্তাহে সার্বিয়ায় গণমাধ্যমে কথা বলেছেন ৩৪ বর্ষী তারকা।
‘তাদের কে আরেও খোলা মনের হতে হবে। আমি বিশেষ কেউ নই, তবে জীবনে সবকিছু সম্ভব। এই মুহূর্তে ভ্যাকসিন গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি এবং এরজন্য সম্ভব্য সকল পরিণতি মেনে নিতে প্রস্তুত।’








