২০১৭ এর অস্কার কে পাচ্ছে এটা নিয়ে বেশ আগে থেকেই সবাই মোটামোটি নিশ্চিত ছিল। ‘লা লা ল্যান্ড’ এর ঝুড়িতে যে বেশ কয়েকটি পুরস্কার যাবে, এই ভবিষ্যৎবাণী করা ছিল আগে থেকেই।
৬টি পুরস্কার পেলেও সেরা চলচ্চিত্র সেবার হয়নি ‘লা লা ল্যান্ড’, যদিও উপস্থাপক প্রথমে ভুলে এর নামই ঘোষণা করেছিলেন সেরা চলচ্চিত্র হিসেবে। তবে, ২০১৮ তে এসে এবার ৪ মার্চ অনুষ্ঠিতব্য অস্কারের ৯০ তম আসরে সেরা চলচ্চিত্র নিয়ে আগে থেকেই কোন সিদ্ধান্ত দেয়াটা কষ্টকর।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ব্যাপারে বিশেষজ্ঞদের নিয়ে ওয়েবসাইট গোল্ড ডারবি তারপরেও সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পীদের কার যেটার সম্ভাবনা বেশি, সেই বিষয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছে।
সেরা চলচ্চিত্র
প্রথমেই দেখে নেয়া যাক, এবারের অস্কারের সেরা চলচ্চিত্রে মনোনয়ন পাওয়া চলচ্চিত্র কোনগুলো-
‘কল মি বাই ইউর নেম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘ডানকার্ক’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘দ্য পোস্ট’, ‘দ্য শেপ অব ওয়াটার’, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।
২০০৯ থেকে অস্কারের সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে কিছুটা পরিবর্তন এসেছে। অন্যান্য ক্যাটাগরিতে জুরি বোর্ডের একটি করে ভোটে যে এগিয়ে থাকে, সেই হয় বিজয়ী। সেরা চলচ্চিত্রের ক্ষেত্রে বিচারকরা সব চলচ্চিত্রকে ক্রমান্বয়ে ভোট দেন, সবচেয়ে কম ভোট পাওয়া চলচ্চিত্রটি বাদ যায়। বাকী টিকে থাকা চলচ্চিত্রগুলো থেকে সর্বশেষ যেই চলচ্চিত্র ৫০ শতাংশের বেশি ভোটে এগিয়ে থাকে, সেরা চলচ্চিত্রের পুরস্কার সেটিই পায়।
এবারে মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা নয়টি, অস্কারের ভোট প্রদানকারী সদস্য সাত হাজার। এক্ষেত্রে সেরা চলচ্চিত্রের পুরস্কার নিয়ে ভবিষ্যৎবাণী করাটা একটু কঠিনই বটে।
কম সংখ্যক ভোটার তাঁদের প্রথম পছন্দ হিসেবে যেই চলচ্চিত্র নির্বাচন করবেন, সেটিও জয়ী হতে পারে যদি সংখ্যাগরিষ্ঠ ভোটার সেটি তৃতীয় পছন্দ হিসেবে বাছাই করেন।
এই মুহূর্তে গোল্ড ডারবির মতে, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’র থেকে সামান্য এগিয়ে ‘দ্য শেপ অব ওয়াটার’। তিন নম্বরে আছে ‘গেট আউট’। কিন্তু গোল্ড ডারবির সম্মিলিত (বিশেষজ্ঞ, পাঠক, সম্পাদক) ভোটে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ আছে শীর্ষে।
সেরা পরিচালক
ইতিহাস বলে, সাধারণত সেরা চলচ্চিত্র আর সেরা পরিচালকের পুরস্কার দুইটি একই চলচ্চিত্রের সাথে যায়। ৭০ শতাংশেরও বেশি ক্ষেত্রে এখন পর্যন্ত সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া চলচ্চিত্রের পরিচালকই অস্কারে সেরা পরিচালক হন।
তবে, অনেকক্ষেত্রেই সেরা চলচ্চিত্র আর সেরা পরিচালক জুটি বাঁধে না। কিন্তু, এবার হিসাব আসলে অন্যরকম। সেরা চলচ্চিত্রের তালিকায় থাকা ‘দ্য শেপ অব ওয়াটার’ এর পরিচালক গিলেরমো ডেল টোরো সেরার মনোনয়ন পেলেও ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ পরিচালক মার্টিন ম্যাক ডোনা মনোনয়নই পাননি।
গোল্ড ডার্বির মতে, এবার সেরার দৌড়ে সবচেয়ে এগিয়ে ডেল টোরো, তাঁর ঠিক পরেই আছেন ‘ডানকার্ক’ এর পরিচালক ক্রিস্টোফার নোলান। – বোস্টন ডট কম








