এখন গানে প্রায় অনিয়মিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। শারীরিক অসুস্থার কারণে নিয়মিত গান করতে পারছেন না। অনেক দিন পর সম্প্রতি প্লেব্যাক করেছেন তিনি। গানটির শিরোনাম ‘জোছনা দেখি’। ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে?’ গানটিতে সাবিনা ইয়ামীনের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন একজন নতুন শিল্পী, নাম নাকিব হৃদ চৌধুরী। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। ছবির পরিচালক নাদের চৌধুরী।
সাবিনা ইয়াসমীন বলেন, ‘শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। তাই নিয়মিত গান গাইতে পারছি না। এই ছবির গানটির জন্য আমাকে অনেক দিন থেকেই ওরা অনুরোধ করেছে। আর গানটাও চমৎকার। তাই একটু কষ্ট হলেও গেয়ে ফেললাম।’
তিনি আরও বলেন, ‘গান গাওয়া আমার নেশা। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে নিয়মিত গাওয়া আমার জন্য একটু কষ্টকর। তবে অনিয়মিত হলেও গান গাইব আমি।’
‘জোছনা দেখি’ গানের সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন জলি ও শাহ রিয়াজ। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
‘জোছনা দেখি’ গানের ইউটিউব লিঙ্ক :








