টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও ওষুধ কোম্পানীর একজন প্রতিনিধি নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধুসেতু পূর্ব রেললাইনের উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এসএম রোকনুজ্জামান (৪৮) কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ও ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। অপর নিহত রবিন্দ্রনাথ (৫২) কালিহাতীতে একটি ভেটেনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন, তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন: বুধবার রাতে প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি রবিন্দ্রনাথকে নিয়ে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় একটি বাড়িতে গবাদিপশু চিকিৎসা দেয়ার জন্য মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে নিহতদের মরদেহ তার স্বজনরা নিজ নিজ বাড়ীতে নিয়ে গেছেন।








