পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের নির্দেশে সাভারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলে নেমেছে।
সোমবার সকাল থেকে বিজিবির সদস্যদের ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।
সাভার পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকতা শাহা আলম জানান, পৌরসভা নির্বাচনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা সাভারে ঝুঁকিপুর্ণ কেন্দ্র গুলোতে টহল দিবে। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও র্যাব সদস্যও মোতায়েন থাকবে।
টহল কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির সদস্যরা সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় মাশরুম সেন্টারে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে।
আগামী ৩০ ডিসেম্বর সারা দেশের ২৩৩ টি পৌরসভায় একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।







