ঢাকায় নেমে কয়েক ঘণ্টার মধ্যেই টিম লিডার রবি শাস্ত্রীর নেতৃত্বে অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেট দল। দুপুর আড়াইটায় মিরপুরে একাডেমি গ্রাউন্ডে তারা অনুশীলন শুরু করে।
দলের সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে সকলেই অনুশীলনে যোগ দেন।
বাংলাদেশ সফরে তারা একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঢাকা পৌঁছায় ভারতীয় দল। কড়া নিরাপত্তায় তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেল থেকে একাডেমি গ্রাউন্ডে আসার পথেও ছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা।
গত বছর ওয়ানডে সিরিজ খেলে গেলেও একসঙ্গে টেস্ট এবং ওয়ানডে খেলতে প্রায় ৫ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ভারত।
সবশেষ ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা হয়েছিলো ভারতীয়দের। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সাত টেস্ট খেলে একটিতে ড্র করেছে বাংলাদেশ। বাকি ছ’টিতেই ভারতের জয়।







