শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের সঙ্গে হতাশা বাড়িয়েছে ডট বলের আক্ষেপ। আগে ব্যাট করা বাংলাদেশ ডট খেলেছে ৫৫টি বল, ভারত ৩৪টি। পার্থক্য হয়ে গেছে সেখানেই।
টাইগারদের দেয়া ১৪০ রানে লক্ষ্য রোহিতের দল টপকেছে ৮ বল হাতে রেখে। হারের কারণ হিসেবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডট বল সমস্যার সঙ্গে দায়ী করেছেন ব্যাটসম্যানদের আত্মাহুতিকেও।
‘টি-টুয়েন্টি ফরম্যাটে মাঝের ওভারগুলোতে আমরা ধুঁকছি। অনেক বেশি ডট বল খেলছি, তারপর আবার উইকেট বিলিয়ে আসছি। আজকেও আমরা ভালই শুরু করেছিলাম, কিন্তু পরে নিয়মিত উইকেট হারিয়েছি। মাঝের ওভারগুলোতে একটু পিছিয়ে আছি আমরা। বরাবরই এখানে খেই হারিয়ে ফেলি। সিঙ্গেল নিতে পারছি না, ডাবলসও না। বাউন্ডারিও হচ্ছিল না আজ। একইসঙ্গে উইকেটও দিয়ে এসেছি।’ প্রেমাদাসা ম্যাচের ময়নাতদন্ত করে বলেন মাহমুদউল্লাহ।
১২০ বলের ইনিংসের প্রায় অর্ধেক ছিল ডট বল। এরজন্য অধিনায়ক নিজেরও দায় দেখছেন, ‘ব্যাটসম্যানদের মাঝে সংশয় ছিল, ডট বলগুলোতে সেটিরই প্রমাণ মিলেছে। আমি নিজেই মনে হয় ৭টি ডট বল খেলেছি। তারপর আউট হয়ে গেছি। ডট বল, এই জায়গায় আমাদের আরও সতর্ক হওয়া উচিত। এই জায়গাটায় আমাদের কাজ করতেই হবে। এত ডট বল খেলে এগিয়ে যাওয়া কঠিন। শুধু বাউন্ডারির ওপর নির্ভর করলে চলবে না।’
শনিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় লঙ্কানরা। কিছুদিন আগে ঘরের মাঠে হাথুরুর দলের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহরা। ব্যাটিংয়ে ডট বল খেলা কমাতে না পারলে সেই ক্ষত তরতাজা হওয়ার শঙ্কাই বেশি!








