মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্র সম্প্রসারণ ও বাণিজ্যিক ব্যবহার রোধে সংসদে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিল-২০১৭ উত্থাপিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিলটি উত্থাপন করেন।
বিলে কোন হাসপাতাল সরকারের অনুমতি ছাড়া মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন করতে পারবে না বলে প্রস্তাব করা হয়েছে। সংযোজনের অনুমতির জন্য নির্ধারিত পদ্ধতিতে শর্ত পূরণ সাপেক্ষে সরকারের বরাবরে আবেদন করতে হবে।
নির্ধারিত পদ্ধতি ও শর্ত পূরণ করলে হাসপাতালকে অনুমতি দেয়া হবে। বিলের বিধান কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে অনুমোদন নিতে হবে। কোন হাসপাতাল এ বিধান লংঘন করলে ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।
তবে সরকারের পক্ষ থেকে স্থাপিত বা প্রতিষ্ঠিত অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত হাসপাতালের বিশেষায়িত ইউনিটে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হবে না।
বিলে সুস্থ, স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন কোন জীবিত ব্যক্তির এমন কোন অঙ্গ-প্রত্যঙ্গ বিযুক্তির কারণে স্বাভাবিক জীবন-যাপনে ব্যাঘাত সৃষ্টির আশংকা না থাকলে তা কোন নিকট আত্মীয়ের দেহে সংযোজনের জন্য দান করতে পারবেন বলে প্রস্তাব করা হয়েছে। তবে শর্ত থাকে চক্ষু ও অস্থিমজ্জা সংযোজন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে নিকট আত্মীয় হওয়ার প্রয়োজন হবে না।
কোন ব্যক্তি জীবদ্দশায় স্বেচ্ছায় তার কোন অঙ্গ-প্রত্যঙ্গ লিখিতভাবে দান করলে তা ওই ব্যক্তির ব্রেইন ডেথ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে অন্য কোন ব্যক্তির দেহে সংযোজনের উদ্দেশ্যে বিযুক্ত করা যাবে বলে বিলে প্রস্তাব করা হয়েছে।








