রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা স্মারক সই হয়েছে। ২ মাসের মধ্যে রোহিঙ্গাদের আবার মিয়ানমারে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি’র বৈঠক শেষে এই সমঝোতা স্মারক সই হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠিকে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে চুক্তি সইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয় আগেই। চুক্তির আওতায় একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে সংকট সমাধানের চেষ্টা হবে বলে জানা যায়।
এর আগে দিনব্যাপী দীর্ঘ আলোচনায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে সু চির সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী।
গত ২৫ আগস্ট থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের ফেরত পাঠাতে ২ মাসের মধ্যে শুরু হবে প্রক্রিয়া।








