নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তৃতীয় প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে নিজের ফেসবুকে পেজে এক পোস্ট দিয়েছেন প্রবাসী কথাসাহিত্যিক পূরবী বসু।
নিজের ফেসবুক পেজে পূরবী বসু লিখেছেন -<মৃত্যুর সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলো বাবা একদিন হঠাৎ করে উধাও হয়ে গিয়ে। সে অর্ধ শতাব্দী আগের কথা। বাবা ষাট পেরুতে পারেনি। এর ভেতর আরো অনেক মৃত্যুজনিত অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি। মাকে ছাড়াও যাদের আকস্মিক মৃত্যু আমাকে শীতল করে দিয়েছিলো, পঙ্গু করে দিয়েছিলো অনেকটা সময়ের জন্যেই, তাদের মধ্যে বজলু ভাই, বাচ্চু ভাই ও হুমায়ূনের কথা আজও ভুলতে পারিনা। ভুলতে পারিনা প্রিয় বন্ধুর সহোদরের হঠাৎ মৃত্যুর ঘটনাটির কথাও। কয়েক মাস আগে দেশে গেলে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখলাম দুজন প্রিয় পারিবারিক সদস্যকে।
আজ এতোদিন পর, ১৯ জুলাই, ২০১৫ তে হুমায়ূনের কথা ভাবতে ভাবতে, আর কয়েকজন প্রিয় মানুষকে কঠিনভাবে ভুগতে দেখে কেবল মনে হচ্ছে, অনেক তো হলো। আর যেনো মৃত্যুজনিত কষ্ট সইতে না হয়। তার বিনিময়ে সংক্ষিপ্ত (অপেক্ষাকৃত) জীবন মেনে নিতেও রাজি আছি।আজ হুমায়ূন কাছে থাকলে এ নিয়েও ঠাট্টা করতো, ক্ষেপাত আমাকে। ওর রসিকবোধ যদি কণামাত্রও পেতাম, জীবন অনেক বেশি সহনীয় হতো। হুমায়ূনকে মিস করছি আজ ভীষণভাবে।







