বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার দেশের সব মহানগরের থানায় থানায় এবং উপজেলা সদরে বিক্ষোভ করবে বিএনপি।
শনিবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় রিজভী বলেন, আমি ক্ষমতাপন্থী প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার জুলুম করার দিন ফুরিয়ে এসেছে। আপনাকে মানুষ মিথ্যুক ও ধমকবাজ মনে করে। আপনার কারণে দেশের মানুষ এখন সংজ্ঞাহীন ও মৃত্যুর দোলাচলে। এখনও সময় আছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করুন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া ও নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া আগামীতে কোনো জাতীয় নির্বাচন হবে না। জনগণ হতে দিবে না। অবিলম্বে তার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তি নিশ্চিত করুন।








