২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন জেলার মতো আন্দোলনে উত্তাল হয়ে উঠে খুলনা। ২৩ ফেব্রুয়ারী রাজপথে বিক্ষোভ মিছিল বের করে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষকসহ নানা শ্রেনী পেশার মানুষ।
৫২‘র ২১ ফেব্রুয়ারি কারফিউ অমান্য করে ঢাকায় মিছিল করা হবে। আগে থেকেই এ খবর জানতেন খুলনা বিএল কলেজের শিক্ষার্থীরা। ঢাকার ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করে ২১ তারিখ খুলনা বিএল কলেজের শিক্ষার্থীরা মিছিল করার পরিকল্পনা করেন।
দুপুরে তারা শুনতে পান ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। এ খবর শোনার পর ক্ষোভে ফেটে পড়ে ছাত্ররা। ২২ ফেব্রুয়ারী হরতাল ঘোষণা করে ২৩ ফেব্রুয়ারী আরও বড় পরিসরে মিছিলের উদ্যোগ নেয়।
ভাষা সংগ্রামী সমীর আহমেদ বলেন, আমরা যখন খবর পেলাম ঢাকায় গুলি চালানো হয়েছে। আমাদের কয়েকজন ছাত্র নেতা নিহত হয়েছে। তখনই আমরাও মিছিল-মিটিং করার সিদ্ধান্ত নিলাম। ভাষা কমিটি গঠন করা হলো।
ভাষার দাবিতে এটিই খুলনায় প্রথম বিক্ষোভ মিছিল। ২৩ ফেব্রুয়ারি বিকেলে মেয়েদের পক্ষ থেকে বের করা হয় আর একটি মিছিল।
ভাষা সংগ্রামী ২৩ তারিখ রাতেই খুলনার ভাষার আন্দোলনকে বেগবান করতে ১১ সদস্যের ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়।






