চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে রিট করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার করা এই রিটে মেজর হাফিজ ও তার স্ত্রীকে বিদেশ যেতে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন আহমদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। ওইদিন হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, দিল্লির একটি হাসপাতালে বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সে জন্য তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান। তার মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাকে অপেক্ষা করতে বলে। পরে তাকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না।








