বিএনপি তার রাজনৈতিক দেউলিয়াপনায় অসংলগ্ন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, প্রকৃত অর্থে বিএনপি পাগল ও উন্মাদের দলে পরিণত হয়েছে। পাগল ছাড়া কেউ এ ধরণের মন্তব্য করতে পারে না।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রে কৃষক লীগ আয়োজিত ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভায় কানাডার ফেডারেল আদালতের রায় নিয়ে বিএনপির সমালোচনার জবাবে এমন মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
‘কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে’- বিএনপির এমন মন্তব্যের জবাবে তিনি প্রশ্ন রেখে বলেন, কানাডার ফেডারেল আদালতে আওয়ামী লীগ কিভাবে প্রভাব বিস্তার করলো?
“যেখানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে তারা ফেরত দিচ্ছে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে তার হস্তান্তর করে না। কারণ, তাদের আইনে মৃত্যুদণ্ড নেই। সেখানে আওয়ামী লীগ কিভাবে প্রভাব বিস্তার করতে পারে?”
বিএনপিতে কি কোনো শিক্ষিত লোক নেই- এমন প্রশ্ন রেখে মতিয়ার চৌধুরী বলেন, বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না। যেটাকে ধারণ করতে হয়। আসলে তার জেগে জেগে ঘুমায়। এরা অন্ধকারের জীব।










