বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তিনি খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী। সোমবার বিকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৬ জুন আসনটিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। তবে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় হাবিবুন নাহারকে বিজয়ী ঘোষণা করা হয়।
এই আসনে সংসদ সদস্য ছিলেন তালুকদার আবদুল খালেক। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি এই আসন থেকে পদত্যাগ করেন।
গত ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয় তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।
চলচ্চিত্র নায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে তা জমা দেননি।







