শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হিজরি মাস শাবানের ১৫ তারিখ রোববার রাতের এই নিষেধাজ্ঞার কথা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ২২ মে সন্ধ্যা ৬ টা থেকে রাজধানীতে ক্ষারজাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি ও অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আগামী ২২ মে রোববার দিবাগত রাতে পালন করা হবে পবিত্র শবেবরাত। ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য এ ঘোষণা করা হয়েছে। মো. আছাদুজ্জামান মিয়া ডিএমপি অর্ডিন্যান্সের সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ ঘোষণা দিয়েছেন।







