নাশকতার আশঙ্কায় হঠাৎ করেই শনিবার সকালে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন জায়গায় নিরাপত্তা জন্য চেক পোষ্ট শুরু করেছে পুলিশ ও র্যাব। ব্যাপক তল্লাশিও চলছে যানবাহনগুলোতে। এদিকে কূটনীতিক পাড়ায় বাড়তি নিরাপত্তাও নেয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের জরুরী সভায় ডাকা হয় ডিএমপি অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনারদের। আলোচনায় প্রধান্য পায় রাজধানীর নিরাপত্তার বিষয়।
মতিঝিল অপরাধ বিভাগের ডিসি মো. আনোয়ার হোসেন বলেন, চেক পোস্ট আরো বেশি কার্যকর করার জন্য সিনিয়র অফিসারদের মাধ্যমে তদারকি করা হচ্ছে। চেক পোস্ট বাড়ার ফলে রাজধানীতে অপরাধ কমে এসেছে বলে দাবি তার।
চলতি সপ্তাহে চেক পোস্ট তল্লাশিতে উল্লেখযোগ্য অপরাধ দমন করা যাচ্ছে বলে দাবি করেছে পুলিশ।
সহকারী পুলিশ কমিশনার (টহল) মো কামরুজ্জামান সরদার বলেন, অবৈধ কোনো অস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্য পরিবহরণের ক্ষেত্রে সেখানে দৃশ্যমান তল্লাশির করা হচ্ছে।
কূটনীতিক পাড়ায়ও তল্লাশি ছাড়া কোনো যানবাহন কিংবা পথচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।






