দেশকে অশান্ত করতে মহল বিশেষের ইন্ধনে সন্ত্রাসীরা পুলিশকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি)। একজনের মোবাইল ফোনের সিম ক্লোন করে ডক্টর আনিসুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া এক জঙ্গিকে খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
তিন মাসে সন্ত্রাসী হামলা ও দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যদের বিশেষ আর্থিক অনুদান দিতে পুলিশ সদর দফতরে এ অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।
এসময় ১৪ পুলিশ সদস্য পরিবারকে ৬১ লাখ টাকার অনুদান তুলে দেন আইজিপি। প্যারিসের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা নিয়ে কথা বলেন তিনি।
আইজি এ কে এম শহীদুল হক জানান, পুলিশ সতর্ক আছে। দেশে কিছু ‘হোমগ্রোন মিলিট্যান্ট গ্রুপ’ বিদেশী হত্যা, মহররমের তাজিয়া মিছিলের আগে বোমা হামলা ও সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলার মতো বিভিন্ন সময় ঘটনার জন্ম দিয়েছে। তবে ব্যাপক আকারে বড় কোনো হামলার সুযোগ তারা পায়নি।
‘এসব ঘটনার পর পুলিশ-গোয়েন্দা সংস্থা অনেক সতর্ক হয়েছে। মাঠপর্যায়ে পুলিশদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্বপালন করতে বলা হয়েছে।’ বলেন তিনি।
আইজিপির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিলো অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে হত্যার হুমকি প্রসঙ্গে।
এ বিষয়ে আইজিপি বলেন, যার সিম ক্লোন করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আইসিটি আইনে তাকে গ্রেফতার করা যেতো। কিন্তু তদন্তে দেখা গেছে এখানে সে জড়িত নয়। তবে কারা তার সিম ক্লোন করেছে সে তথ্য সে পুলিশকে দেয়ায় এখন তাদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
তিনি জানান, ওই চক্রটি মৌলবাদী গোষ্ঠী বলেই মনে করছে পুলিশের কাছে।
দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, এটা গণগ্রেফতার না।






