বিজয়ের দৃপ্ত উল্লাসের দুই দিন আগে বাঙ্গালী জাতির ইতিহাসে মর্মান্তিক আর নির্মমতার কালো অধ্যায় আজ সোমবার। ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবে এদেশের প্রথিতযশা বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি নরপিশাচদের সাথে এদেশীয় দোসররা।
অন্যান্য বছরের মতো এবছরও নানান অায়োজনে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বুদ্ধিজীবীরা দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির রূপকার এবং সর্বকালে জাতির শ্রেষ্ঠ সন্তান। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পথ বেয়ে বাংলাদেশ জ্ঞানভিত্তিক, প্রজ্ঞাময় সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হোক, শহীদ বুদ্ধিজীবী দিবসে-এ প্রত্যাশা করি।
স্বাধীনতার ইতিহাসে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এক কলঙ্কময় দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, আমি শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে একাত্তরের ঘাতক, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জামাতচক্রের সকল ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, একাত্তরের এই দিনের হত্যাকাণ্ড ছিলো পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল।
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া ১৪ ডিসেম্বরকে বেদনাময় দিন অ্যাখ্যা দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করা এবং উন্নয়ন ও অগ্রগতির পথ রুদ্ধ করার হীন উদ্দেশ্যেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল হানাদারের দোসররা। কিন্তু তাদের সে লক্ষ্য ব্যর্থ হয়েছে।
কর্মসূচি:
বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা আয়োজন দিনটি পালন করবে। এরমধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, দোয়া মাহফিল, আলোচনা অনুষ্ঠান।
এছাড়াও ভোর থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বদ্ধভূমিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে।
দিনটি উপলক্ষে বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ।







