৩৬ বছর বয়সেও যে শীর্ষে ওঠার স্বপ্ন দেখা যায় এবং সেটা যে আবার দিবা স্বপ্নও নয়, তা প্রমাণ করলেন রজার ফেদেরার। সবচেয়ে বেশি বয়সে এটিপি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে রেকর্ড গড়লেন তিনি।
রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের রবিন হাসকে ৪–৬, ৬–১, ৬–১ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই রাফায়েল নাদালকে টপকে শীর্ষস্থানে উঠে আসেন ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।
ফ্রেড এক্সপ্রেস টপকালেন আন্দ্রে আগাসিকে। ২০০৩ সালে আগাসি যখন শীর্ষে উঠেছিলেন, তখন তার বয়স ছিল ৩৩ বছর ১৩১ দিন। আর ফেদেরার শীর্ষে এলেন ৩৬ বছর ১৯৫ দিন বয়সে। ২০০৪ সালে প্রথমবার শীর্ষস্থানে উঠেছিলেন রজার ফেদেরার। শেষবার শীর্ষে ছিলেন ২০১২–র অক্টোবরে। তারপরে আবার ২০১৮–র ফেব্রুয়ারিতে শীর্ষে উঠলেন সুইস তারকা।
ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘টেনিসে শীর্ষস্থানে উঠে আসাটাই সবচেয়ে বড় ব্যাপার। বয়স যখন বাড়ে, পরিশ্রমও বেশি করতে হয়। একটা স্বপ্ন পূরণ হল।’
আগাসিও অভিনন্দন জানিয়েছেন ফেদেরারকে। তিনি বলেছেন, ‘৩৬ বছর ১৯৫ দিন। রজার ফেদেরার এখনও ছন্দে রয়েছে। অভিনন্দন রজারকে।’
রবিন হাসের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে পড়তে হয় রজারকে। প্রথম সেট জিতে নেন ডাচ তারকা। কিন্তু পরের দুটো সেটে প্রতিপক্ষকে সুযোগই দেননি ফেদেরার।








