গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বালুয়াহাট (জুম্মারঘর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস সৈয়দপুর যাচ্ছিল।পথে বালুয়াহাট এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই এক শিশুসহ চারজন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত অন্তত ১০ যাত্রী।”
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।










