ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
স্টারমার বলেন, এই স্বীকৃতি সরকারের নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিনিধিত্ব করে।
ভিডিও বার্তায় স্টারমার বলেছেন, ‘‘মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি।’’
ইসরায়ের ও তার মিত্রদের ইঙ্গিত করে তিনি আরও বলেন: ‘‘আপনারা সন্ত্রাসবাদকে বিশাল পুরষ্কার দিচ্ছেন।’’
যদিও ইসরায়েল এবং মার্কিন সরকার বলেছে, এ স্বীকৃতি হামাসের জন্য একটি কূটনৈতিক উপহার। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে তাদের হামলার পর ১২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।
প্রতিবাদ জানিয়ে স্টারমার বলেন, হামাসের জন্য পুরষ্কার নয়। গাজায় দূর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ সম্পূর্ণরূপে অসহনীয় এবং মৃত্যু ও ধ্বংস আমাদের সকলকে আতঙ্কিত করে।
ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ফিলিস্তিন রাষ্ট্রকে নিরাপত্তা, শান্তি এবং সুপ্রতিবেশীসুলভ পরিবেশে ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি বসবাসের পথ প্রশস্ত করতে সাহায্য করবে।’’
এদিকে, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, ‘‘ফিলিস্তিন রাষ্ট্র হবে না।’’
ভিডিওতে তিনি বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবরে ভয়াবহ হত্যাযজ্ঞের পর যে নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা- আপনারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কারে পুরষ্কৃত করছেন।”
অপরদিকে, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগালও ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করেছে, ফ্রান্সও এর পরে আসবে বলে আশা করা হচ্ছে।








