যুদ্ধ বন্ধের জন্য শান্তি সম্মেলন আহ্বান করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট শান্তি ও যুদ্ধ বন্ধের জন্য একটি সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার ৮ ডিসেম্বর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘আমি সবসময়ই শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। সেজন্য আমরা চাই এই আন্তর্জাতিক শান্তি সম্মেলনের মধ্য দিয়ে গাজায় যুদ্ধ শেষ হওয়াসহ স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক।
তিনি আরও বলেন, সবার আগে জরুরি গাজায় যুদ্ধ থামানো। গত দুই মাস ধরে চলে আসা যুদ্ধে অনেকেই বিনা দোষে প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে, যা পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও উপলব্ধি করতে পারছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন শুধু বর্তমান যুদ্ধ সমাধান নয় বরং এই সময় পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যবর্তী বৈরী মনোভাব দূর করতেও সহায়ক হবে।
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো ১৯৬৪ সালে পিএলও বা পিএ জোট গঠন করে। শুরুর দিকে ইসরায়েলের বিলুপ্তি ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে গেলেও পরে ১৯৮৩ সালে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় পিএলও।
এই স্বীকৃতি দানের কয়েক বছর পর ১৯৮৩ সালে গঠিত হয় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এই গোষ্ঠী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েলের বিলুপ্তি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।
২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকা দখল করে হামাস। তারপর থেকে এখনও ক্ষমতাসীন রয়েছে এই গোষ্ঠীটি। হামাসের শীর্ষ নেতাদের অধিকাংশই থাকেন কাতারে, আর মধ্যম সারির নেতারা লেবাননে অবস্থান করছেন।







