নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে হবে: জাকের পার্টি

বৃক্ষের নিচে একত্রিত মানুষের সমাবেশ, উৎসব বা সামাজিক অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে হবে বলে মত দিয়েছেন জাকের পার্টি নেতৃবৃন্দ। দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে জাকের পার্টির জনসভা ও র্যালিতে দলটির নেতৃবৃন্দ এ মতামত ব্যক্ত করেন।
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে জাকের পার্টির ইউনিয়ন জনসভা ও র্যালির আয়োজন করে। গত ২০ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়, শেষ হবে আগামী ৩১ অক্টোবর।
জনসভাগুলোতে জাকের পার্টি, সহযোগী সংগঠনসমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা, থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভাগুলোতে জাকের পার্টি নেতৃবৃন্দ বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, বিতর্কমুক্ত, গ্রহনযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের অন্যতম অন্তরায় পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য। তাই পেশী শক্তি ও কালো টাকার প্রভাব চিরতরে নির্মূল করতে হবে। যদি তা করা যায়, তাহলে সৎ, যোগ্য, স্বচ্ছ ও শুভ চিন্তা চেতনার অধিকারী এবং জনগনের প্রতি দায়বদ্ধতার মানসিকতাসম্পন্ন মেধাবীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে পাল্টে যাবে জনবিবর্জিত গতানুগতিক নির্বাচনী সংস্কৃতি। সত্যিকারের যোগ্যদের নিয়েই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা হবে।
বক্তারা আরও বলেন, বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনতে চায়।






