শিক্ষককে ‘বাসায় ডেকে হেনস্তার’ অভিযোগ, বিচারপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা বিচারপতির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করছে, স্কুলের গেটের সামনে ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষককে বাসায় ডেকে নিয়ে অপমান ও হেনস্তার অভিযোগ তুলে হাইকোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা প্রধান বিচারপতির কাছে স্মারকলিপিও দিয়েছেন।
গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কাকরাইলে অবস্থিত স্কুলটির সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিকালে কয়েকজন শিক্ষার্থী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে স্মারকলিপি জমা দেন বলে কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
স্মারকলিপিতে দশম শ্রেণির কয়েকজনসহ মোট ২২ শিক্ষার্থী সই করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৬ এপ্রিল ক্লাসে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে স্কুলটির বাংলা মাধ্যম দিবা শাখার সহকারী শিক্ষক দয়াল চন্দ্র পালকে একজন বিচারপতি তার বাসায় ডেকে নেন। সেখানে তাকে অপমান ও হেনস্তা করা হয় এবং শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে দাবি করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
অন্যদিকে, এক শিক্ষার্থীর অভিভাবক নাহিদ হাসান বলেন, ১৬ এপ্রিল ক্লাস চলাকালে এক শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনার পর পরিস্থিতি তৈরি হয়, যা পরে এ পর্যায়ে পৌঁছায়। তিনি বলেন, ঘটনার পরও ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামে।
ভুক্তভোগী শিক্ষক দয়াল চন্দ্র পাল বলেন, তিনি মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম শামসুল আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।






