সোমবার (২৩ সেপ্টেম্বর) ৪৭ বছরে পা দিয়েছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী। আর সেদিনই মুক্তি পেল তার নতুন ছবি ‘টেক্কা’র প্রথম গান। সেই গানের লঞ্চ এবং তার বার্থডে পার্টি উদযাপন হয়েছে এদিন রাতে। সেখানে এসেই জীবনের একাধিক অজানা কথা ফাঁস করে দিলেন এই পরিচালক।
এদিন কলকাতার একটি সংবাদমাধ্যম তরফে যখন সৃজিত মুখার্জীর কাছে জানতে চাওয়া হয় যে, এই বছরের জন্মদিনে তিনি নিজের কোন বদভ্যাস ত্যাগ করার কথা ভাবছেন, তখন তিনি স্পষ্টই জানান রেড মিট খাওয়া কমাবেন।
কিন্তু কোনটা সব থেকে পছন্দের রেড মিট সৃজিতের? এই বিষয়ে তিনি জানান, ‘আমার সব থেকে পছন্দের রেড মিট হল পর্ক (শূকরের মাংস)। পর্ক সব থেকে সেরা। কোন কিছুই এর পাশে নেই। কুমিরের মাংস কিছুটা ঠিক আছে, কিন্তু পর্ক সেরা।’
সৃজিত এদিন জানান যে ছোট থেকেই সিনেমা পাড়ায় তিনি বড় হয়েছেন। তার মা বাবাও খুব সিনেমা দেখতে ভালোবাসতেন। পরিচালকের কথায়, ‘খালি আমার জন্মদিনে সিনেমা দেখা নয়। গোটা বছর ধরেই আমরা সিনেমা দেখতাম। আমার বাবা মা খুব সিনেমার ভক্ত ছিলেন। তারা সব ভাষার, সব ধরনের ছবি দেখতেন সবসময়। আর আমি এমন একটা পাড়ায় বড় হয়েছি যেখানে চারপাশে প্রচুর সিনেমা হল ছিল, যেমন ভারতী, বিজলী, ইত্যাদি। আমি সিনেমা দিয়েই ঘেরা ছিলাম।’
‘টেক্কা’ ছবিতে স্বস্তিকা মুখার্জীকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। দেব থাকবেন মুখ্য ভূমিকায়। অন্য আরেকটি চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।- হিন্দুস্থান টাইমস বাংলা








