এবার ওয়ানডেতেও মাঠেই স্লো ওভার-রেটের শাস্তি

ক্রিকেটের মাঠে ব্যাট, উইকেট ও বলের দৃশ্য, যা ক্রিকেট খেলার গুরুত্বপূর্ণ অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
টি-টুয়েন্টিতে ম্যাচের বেধে দেয়া সময়ে ওভার শেষ করতে না পারলে মাঠেই শাস্তি পায় ফিল্ডিং দল। খেলার বাকি সময়ে বাড়তি একজন ফিল্ডারকে রাখতে হয় ৩০ গজ বৃত্তের মধ্যে। গত জানুয়ারিতে চালু হওয়া স্লো ওভার-রেটের নিয়মটি এবার যুক্ত হচ্ছে ওয়ানডেতেও।
প্লেয়িং কন্ডিশনের আওতায় বেশকিছু নতুন নিয়ম এনেছে আইসিসি। স্লো ওভার-রেট ছাড়াও বাকি নিয়মগুলো অক্টোবরের ১ তারিখ থেকে কার্যকর হবে, জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
নতুন নিয়মে ভালোই কড়াকড়িতে পড়বে ৫০ ওভারের ক্রিকেট। নির্ধারিত সময়ে নির্ধারিত ওভার সম্পন্ন করতে না পারলে শাস্তি পাবে পুরো দলই। সবশেষ এশিয়া কাপে যে নিয়মের বলি হয়েছিল পাকিস্তান ও ভারত। তখন বৃত্তের ভেতরে শাস্তিস্বরূপ অবশিষ্ট ওভারগুলোতে একজন বেশি অর্থাৎ, তিনজনের জায়গায় চারজন ফিল্ডার রাখতে হবে বাধ্যতামূলকভাবে।
আগামী মাসের শুরুতে চালু হওয়া নিয়মটি টি-টুয়েন্টি বিশ্বকাপেও প্রথমবার কার্যকর হতে চলেছে। ২০২৩ সালে বিশ্বকাপ সুপার লিগের এখনকার চক্র শেষ হওয়ার পর ওয়ানডেতে দেখা যাবে এ নিয়মটি।






