কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও সাবেক যুগ্মসচিব গোলাম কিবরিয়াসহ তিনজন অভিযুক্তের প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লা আদালত।
আজ (১১ নভেম্বর) সোমবার সকালে কুমিল্লা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি হয়।
মামলার পিপি কাইমুল হক জানান, মামলার আসামি সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্মসচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিমের নামে দশ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি জানান, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ারসহ অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে। ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়।
এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পহেলা সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।
বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।








