সংগীতশিল্পীর পচন ধরা লাশ উদ্ধার

ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩৫ বছর বয়সি এই গায়কের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লুধিয়ানার সুদহারপট্টি ধালিওয়াল গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ গিয়ে একটি বিছানার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহে পচন ধরেছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, উদ্ধারের চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে বলজিৎ সিংয়ের বাড়ি থেকে দুর্গন্ধ আসছিল। দুর্গন্ধ তীব্র হয়ে উঠলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে। ওই রক্ত কোথা থেকে এসেছে এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ঘটনার পর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বলজিৎ সিংয়ের বাড়িতে কেউ এসেছিল কি না বা ঘটনার আগে আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বলজিৎ সিংয়ের বোন জানিয়েছেন, এর আগে তার ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। তার ধারণা, সম্ভবত আবারও হার্ট অ্যাটাকের পর পড়ে গিয়ে আঘাত পান তিনি এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি এখনো পরিবারের ধারণা, নিশ্চিত কোনো তথ্য নয়।
ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংগীতশিল্পীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।







