বিনোদন

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

কনসার্টে ‘আর্ক’ ব্যান্ডের হাসানকে বোতল ছোড়ার ঘটনায় যে প্রশ্ন তুললেন গীতিকার প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদ মঞ্চে ক্ষোভে ফুঁসলেন, বোতল নিক্ষেপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্স মাহমুদ মঞ্চে ক্ষোভে ফুঁসলেন, বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে, দর্শক ও শিল্পীদের মধ্যে উত্তেজনা দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আর্ক ব্যান্ডের ভোকাল হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজকরা হয় কনসার্টের। যেখানে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া একটি পানির বোতল গিয়ে হাসানের মুখে আঘাত করে। তবে আঘাত পাওয়ার পরও তিনি গান থামাননি; পেশাদারিত্বের সঙ্গে পারফরম্যান্স চালিয়ে যান।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দেন খ্যাতিমান গীতিকার প্রিন্স মাহমুদ।

তিনি লেখেন, “গতকাল মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাঁকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল?”

তিনি সতর্ক করে বলেন, “যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা ছিল। ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। প্রত্যেককে দাগযুক্ত করুন।”

শুধু দোষীদের শনাক্ত করার আহ্বানই নয়, অনুষ্ঠান আয়োজকদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এই গীতিকার। তার ভাষায়, “মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন?”

প্রিন্স মাহমুদের এই পোস্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সংগীতপ্রেমী ও নেটিজেনদের অনেকেই। তাদের দাবি, বড় আয়োজনগুলোতে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

একই সঙ্গে বোতল নিক্ষেপকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। ঘটনাটি নিয়ে এখনো আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

বিষয়:আর্ককনসার্টগীতিকারপ্রিন্স মাহমুদবর্ষা বিপ্লবহাসান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…