দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের সময় জনসমাগম ও আন্দোলনকারীদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনাজপুরে ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে পঞ্চগড়-ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে সকাল থেকেই।
আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ফুলবাড়ী বাস ষ্ট্যান্ড রেলক্রসিংয়ে অবস্থান গ্রহণ করে। পরে অন্যান্য বেসরকারী ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা যোগ দেয় ধর্মঘটে।
দিনাজপুর রেল স্টেশনের সুপার মো.জিয়াউল হক জিয়া জানান, অবরোধের কারণে দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ হান্নান হোসেন বলেন, যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। সেই দাবি না মেনে উল্টো আন্দোলন করলে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে আমাদের। আমরা বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিগুলোর প্রতি ও আন্দোলনের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে , আমরা এভাবেই আন্দোলন করে যাব। ঘরে ফিরবো না।
শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা।






