স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে শুধুমাত্র মিয়ানমারে ১ হজার জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
আজ শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের শহর মান্দালয়ে। উদ্ধারকর্মীরা এখনও মান্দালয় এবং থাইল্যান্ডে জীবিতদের খুঁজে বের করার জন্য লড়াই করছেন।
মিয়ানমারের সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণ এবং দেশের গৃহযুদ্ধের ফলে অব্যাহত অভ্যন্তরীণ অস্থিরতার কারণে দুর্যোগ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে মান্দালয়ে উদ্ধারকর্মীদের একটি দল জানিয়েছে, আমরা খালি হাতে মানুষ খুঁড়ে বের করছি। রাজধানী নেইপিদো, মান্দালয়, সাগাইংসহ বিভিন্ন শহর-গ্রামের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২ হাজার ৩৭৬ জনকে। এছাড়া ৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
এদিকে থাইল্যান্ডের স্থানীয় সরকারি কর্মকর্তাদের মতে, ব্যাংককে একটি অসমাপ্ত বহুতল ভবন ধসে পড়ার পর উদ্ধার অভিযান চলছে। প্রায় ১০০ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ এবং ৬ জন নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০ জনের দেহ।









