ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বয়সভিত্তিক আনঅফিসিয়াল ওয়ানডে ও ৪ দিনের ম্যাচের সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন ১৮ বর্ষী এই অলরাউন্ডার।
সামিত দ্রাবিড় বর্তমানে সিনিয়র ক্রিকেটে নিজের প্রথম টি-টুয়েন্টি আসর ‘মহারাজা টি-টুয়েন্টি লিগ’ এ খেলছেন। তবে খুব ভালো কিছু করতে পারেননি। ৭ ম্যাচে ৮২ করেছেন। বোলিং করার সুযোগ পাননি এক ম্যাচেও।
যদিও এর আগে সাদা পোশাকে কুচবিহার ট্রফিতে ৮ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেছিলেন রাহুলপুত্র ।
পুদুচেরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারের সিরিজের ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। চেন্নাইয়ে চার দিনের ম্যাচ দুটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর।









