মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদ ও বিক্রয়ের অভিযোগে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ২৯,৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকনের নেতৃত্বে র্যাব-৯, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে দেখা যায়, সাতগাঁও ও রুস্তমপুর এলাকার ব্যবসায়ী শান্ত সরকার ও সুবোধ চন্দ্র সরকার সরকারি নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার এবং দাহ্য পদার্থ (অকটেন ও পেট্রোল) মজুদ করে রেখেছেন। দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণ করে আসছিল, যা অগ্নিঝুঁকির চরম বহিঃপ্রকাশ।
অভিযানে দুটি প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ এবং একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।








