ভারতের মুম্বাই হাইকোর্ট দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই), মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এবং অন্য রাজ্য অ্যাসোসিয়েশনগুলোকে উদীয়মান ক্রিকেটারদের জন্য মাঠে মৌলিক সুবিধা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।
সোমবার জারি করা রুলে বলা হয়েছে, আগামীর ক্রিকেট তারকাদের জন্য টয়লেটের সুব্যবস্থা, পানি ও চিকিৎসা সেবা প্রদান করতে হবে। বিচারপতি অনিল মেনন ও এমএস কার্তিকের বেঞ্চ রুলটি জারি করেন।
রাজ্যজুড়ে জনসাধারণের জন্য উন্মুক্ত যেসব মাঠে ক্রিকেট এবং অন্যান্য খেলা শিশু ও প্রাপ্তবয়স্করা খেলে থাকেন, নাগরিক সংস্থা বা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণে এই মাঠগুলোর বেশিরভাগেই মৌলিক সুবিধার অভাব আছে।
অথচ বিসিসিআই এবং এমসিএ উভয়ের অভ্যন্তরীণ চুক্তি হয়েছিল। সেই অনুযায়ী ক্রিকেটকে উৎসাহিত করার জন্য প্রশিক্ষণ ক্যাম্পে বা এমন জায়গায় যেখানে ক্রিকেট খেলা চলছিল, সেখানে মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করা বাধ্যতামূলক ছিল।
মুম্বাই হাইকোর্টের আইনজীবী রাহুল তিওয়ারির দায়ের করা একটি জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানির পর রুলটি জারি হল। তিওয়ারি হাইকোর্টকে বলেছিলেন, তিনি নিজে একজন পেশাদার ক্রিকেট খেলোয়াড় ছিলেন এবং বিভিন্ন রাজ্য ও জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।







