ক্রিকেট

১৫৪ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের ক্রিকেটাররা উইকেট নেওয়ার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা উইকেটের পর আনন্দিত হয়ে উদযাপন করছে. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে ৪০৯ রান করা ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে চাপে রাখতে পেরেছে বাংলাদেশের বোলাররা। ৩ উইকেট হারিয়ে ৪১ নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ক্যারিবীয়রা।

তবে স্বস্তির তেমন সুযোগ নেই মুমিনুল হকের দলের জন্যে। কেননা সফরকারীরা প্রথম ইনিংসে পেয়েছে ১১৩ রানে লিড।

৭ উইকেট হাতে রেখে মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১৫৪ রানে। দ্বিতীয় ইনিংসে সফরকারী দলের যে তিন উইকেট পড়েছে তা ভাগাভাগি করেছেন স্পিন ত্রয়ী নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

এনক্রমা বোনার ৮ ও জোমেল ওয়ারিকেন ২ রানে অপরাজিত আছেন। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৯৬ রানে।

দিনের প্রথম সেশনে দুই উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের জুটি ভাঙার পর দ্রুতই শেষ হয়ে যায় টাইগারদের লড়াই।

বাংলাদেশকে তিনশোর আগে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজ লিড নেয় ১১৩ রানের। লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন।

তাদের মাঝে সপ্তম উইকেট জুটিতে আসে ১২৬ রান। উইন্ডিজ অফস্পিনার রাকিম কর্নওয়াল নিয়েছেন ৫ উইকেট।

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জুটিবদ্ধ, ২৯৬ রানে অলআউটের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। জেগেছিল ফলো-অনে পড়ার শঙ্কা। লিটন-মিরাজের প্রতিরোধে বিপদ কাটে টাইগারদের। দিনটা শুরু হয়েছিল ৪ উইকেটে ১০৫ রান নিয়ে।

মুশফিকুর রহিম ও মো. মিঠুনের প্রতিরোধ ভেঙে মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালটা নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। মিঠুনের (১৫) পর সাজঘরে ফিরে যান মুশফিকও (৫৪)।

ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ১০৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন মিঠুন-মুশফিক।

পঞ্চম উইকেট জুটিতে যোগ হয় ৭১ রান। আগের দিন ৭১ রানে সাজঘরে ফিরেছিলেন চার ব্যাটসম্যান।

দলীয় ১৪২ রানে রাকিম কর্নওয়ালের অফস্পিনে শর্ট লেগে ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ দেন মিঠুন। টেস্টে ২২তম ফিফটি পাওয়া মুশফিক একই বোলারকে উইকেট দেন দলের রান দেড়শ পার করে।

বিষয়:মিরপুর টেস্টলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…