ক্রিকেট

শাহবাগে মেয়েদের জয় উদযাপনে মিছিল

শাহবাগে মেয়েদের জয় উদযাপনে মিছিল

নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে তরুণরা শাহবাগে সমবেত হন, তারাই রোববার সন্ধ্যায় শাহবাগে এক হয়েছিলেন নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে। বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপের শিরোপা জয় স্লোগান আর মিছিলে উদযাপন করেন একত্র হওয়া তরুণরা।

রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা স্টেডিয়ামের ফাইনালে ভারতের মেয়েদের ৩ উইকেটে হারায় সালমা খাতুনের বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে ভারত। জবাবে শেষ বলে ২ রান নিয়ে জয়ের লক্ষ্যে নোঙর ফেলে লাল-সবুজরা।

লাল-সবুজের মেয়েদের হাত ধরে যখন অধরা শিরোপার সাফল্য এসেছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রিকেটপ্রেমীরা জানিয়েছেন উচ্ছ্বাসমাখা প্রতিক্রিয়া। পরে ফেসবুকে ঘোষণা দিয়েই শাহবাগে একত্রিত হন অনেকে।

রাজধানীর শাহবাগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্যে সন্ধ্যার পর আনন্দ মিছিল করেন একত্রিত হওয়া ক্রিকেটপ্রেমীরা।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে শিরোপা জয়ের উৎসবের সুযোগ হয়নি বাংলাদেশের। যেকোনো পর্যায়ের ক্রিকেটে এটি মেয়েদের প্রথম শিরোপা তো বটেই, বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেই প্রথম ট্রফি।

বিষয়:ওমেন্স এশিয়া কাপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…