ফুটবল

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

দেপোর্তিভো আলাভেসের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ২৮। রোববার রাত ২টায় লা লিগার আরেক জায়ান্ট অ্যাটলেটিকা মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। সে ম্যাচে জিতলে গোল ব্যবধানে শীর্ষস্থান ফিরে পাবে লিওনেল মেসির দল। হারলে কিংবা ড্র করলে সেরার জায়গা ধরে রাখবে রিয়াল।

আলাভেসের মাঠে বলের দখল ধরে রাখলেও গোল পেতে রিয়ালকে অপেক্ষায় থাকতে হয়েছে ৫২ মিনিট পর্যন্ত। ফ্রি-কিক নিয়েছিলেন টনি ক্রুস। সতীর্থের স্পটকিকে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন অধিনায়ক সার্জিও রামোস।

গোল পেলেও রামোসের দোষে দ্রুতই গোল হজম করতে হয়েছে রিয়ালকে। ৬৩ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে আলাভেসের জোশেলুরকে মুখে কনুই মেরে বসেন রামোস। রিয়াল অধিনায়ককে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি আলাভেসের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল আদায় করে নেন লুকাস পেরেজ।

সমতায় থাকা ম্যাচে রিয়ালকে জয় এনে দেন দানি কারভাহাল। ৬৯ মিনিটে ডানপ্রান্ত ধরে গোল বরাবর শট নিয়েছিলেন লুকা মদ্রিচ। ক্রোয়েট মিডফিল্ডারের শট আলাভেস গোলরক্ষক পাঞ্চ করে ফিরিয়ে দিলে বল পান কারভাহাল। পর্তুগিজ ডিফেন্ডার সুযোগ হাতছাড়া করেননি, আলতো খোঁচায় জিদানের দলকে এনে দিয়েছেন পূর্ণ ৩ পয়েন্ট।

শেষ মুহূর্তে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালিয়েছে আলাভেস। শেষ পাঁচ মিনিটে টানা পাঁচটি কর্নার আদায় করলেও গোলরক্ষক আলফান্সো আরিওলার কল্যাণে জয় নিয়েই ফেরে মাদ্রিদের জায়ান্টরা।

বিষয়:রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…