নতুন মৌসুমে আরও ধারালো হয়ে উঠছে বায়ার্ন মিউনিখ। নতুন তারকারাও নিজেদের চেনাতে শুরু করেছেন। রবার্ট লেভানডস্কিও গোল করে চলেছেন। সেই দাপটেই বায়ার্ন শনিবার বুন্দেশলিগার ম্যাচে ৬-১ হারাল মেইনজকে।
নতুন আসা তারকাদের মধ্যে গোল করেছেন বিশ্বকাপ জয়ী ফরাসি সাইড ব্যাক বেঞ্জামিন প্যাভার্ড। আবার বিশ্বকাপ রানার্স ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচও গোল পেয়েছেন বায়ার্নের জার্সিতে নেমে। ইন্টার মিলান থেকে এ বছরই পেরিসিচ সই করেছেন বায়ার্নে।
বাকি গোলগুলো করেছেন ডেভিড আলাবা, কিংস্লে কোমান, রবার্ট লেভানডস্কি এবং কানাডিয়ান উইঙ্গার আলফোন্সো ডেভিস।
তবে এখনো বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় দু’নম্বরে। লিপজিগ প্রথম তিন ম্যাচে জিতে শীর্ষে। বায়ার্নের তিন ম্যাচে সাত পয়েন্ট।
বায়ার্নের জয়ের রাতে হেরে গেছে বরুসিয়া ডর্টমুন্ড। ইউনিয়ন বার্লিনের কাছে ১-৩ গোলে হেরেছে মার্কো রিউসরা। মৌসুমে এটি তাদের প্রথম হার। প্রথম দুই ম্যাচ জেতায় ৬ পয়েন্ট নিয়ে বরুসিয়া আছে পয়েন্ট তালিকার পাঁচনম্বরে।








