মিস্টার বিস্টের সঙ্গে কী করছেন রণবীর-সাই পল্লবী?

ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএনইজি/প্রাইম ফোকাসের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সিনেমাটির প্রধান অভিনয়শিল্পী রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। তাদের সঙ্গে ছিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট।
অনুষ্ঠানে সাই পল্লবীর পরনে ছিল কমলা-আবির রঙের টিস্যু সিল্কের শাড়ি। অন্যদিকে রণবীর কাপুরকে দেখা যায় নীল কুর্তা ও ডেনিমে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘রামায়ণ’-এর পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা।
এ আয়োজনের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে ধনুক হাতে তুলে নেন রণবীর কাপুর। ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বেশ আগ্রহ।
‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত হচ্ছে। সিনেমাটির প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে।
সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে।
শুধু ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখেই নয়, আন্তর্জাতিক দর্শকদের কাছেও ‘রামায়ণ’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ইংরেজি, স্প্যানিশ ও জাপানিজসহ বিভিন্ন ভাষায় সিনেমাটিকে স্থানীয়ভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, প্রচলিত ডাবিংয়ের পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে অভিনয়শিল্পীদের পারফরম্যান্স অক্ষুণ্ন রেখে সিনেমাটিকে বিভিন্ন ভাষার দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এনডিটিভি







