ক্রিকেট

দেশে ‘টিভিতে দেখা’ সমর্থকদেরও মনে পড়ল মাশরাফীর

দেশে ‘টিভিতে দেখা’ সমর্থকদেরও মনে পড়ল মাশরাফীর

সাকিব-সৌম্য এবং মুশফিকের পর মোস্তাফিজ-মিরাজ ও সাইফউদ্দিন। সাউথ আফ্রিকার বিপক্ষে দলীয় পারফরম্যান্সের সুবাদে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে মাশরাফীর কণ্ঠেও ফুঠে উঠেছে সেটি। তাইতো দলীয় পারফরম্যান্সের জয়গানই গাইলেন টাইগার কাপ্তান। সেইসঙ্গে পরের ম্যাচগুলোতেও সমর্থকদের কাছ থেকে সমর্থন চেয়েছেন ম্যাশ।

রোববার দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বড় সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে আটকে যায় সাউথ আফ্রিকার ইনিংস।

ম্যাচ শেষে মাশরাফী বললেন, ‘টসের পর প্রথমে ব্যাট করতে পেরে আমরা আনন্দিত ছিলাম। হ্যাঁ, কিছুটা শঙ্কা ছিল। কিন্তু আমরা জানতাম এটি ব্যবহৃত উইকেট। সুতরাং, আগে ব্যাটিং করা মন্দ বিকল্প হত না।’

‘মুশফিক বরাবরাই এমন ইনিংস খেলে। সাকিব দারুণ ব্যাটিং করেছে। সৌম্য দারুণ শুরু করে দিয়েছে। আর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক ফিনিশিং দিয়েছে। আমরা জানতাম আমাদের সঠিক জায়গায় বল ফেলতে হবে। উইকেট নেয়া নিশ্চিত করতে বারবার বোলিং পরিবর্তন করতে হয়েছে। দারুণ ব্যাপার হল, আমরা ঠিকঠাক করতে পেরেছি।’ ব্যাটিং-বোলিংয়ে প্রাপ্তির কথা এভবেই উঠে আসে অধিনায়কের কণ্ঠে।

এমন জয়ের পর মাশরাফী ধন্যবাদ জানালেন সমর্থকদেরও, ‘সমর্থকরা আমাদের পাশে ছিল। বাংলাদেশের সকল সমর্থককে ধন্যবাদ। আশা করি পরবর্তী ম্যাচগুলোতেও প্রবাসীরা আমাদের সমর্থন দিতে আসবেন। যারা দেশে টিভিতে বসে দেখছেন, তারাও আমাদের কাছ থেকে জয় প্রত্যাশা করছেন। আশা করি নিউজিল্যান্ড ম্যাচেও আমরা দারুণ করতে পারবো।’

আগামী বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন মাশরাফিরা, সেই স্বপ্ন ডানা মেলতে শুরু করবে।

বিষয়:বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…