তুষারের ১০ হাজার রানের কীর্তি

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের অনন্য অর্জনে নাম লিখিয়েছেন তুষার ইমরান। সোমবার বিসিএলের ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে নেমে মাইলফলক ছুঁয়েছেন সাউথ জোনের এই ব্যাটসম্যান।
কদিন আগে বিসিএলের প্রথম রাউন্ডে ১০৫ রানের ইনিংস খেলে মাইলফলকের খুব কাছেই ছিলেন তুষার। অপেক্ষা ছিল ৩৫ রানের। বিকেএসপিতে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই সেটি তুলে নিয়েছেন। অপরাজিত ৪০ রানে দিন শেষ করার পথে দশ হাজারি ক্লাবে পা রাখেন ৩৪ বছর বয়সী তারকা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৪তম ম্যাচে এসে এই অর্জন ছুঁলেন তুষার। ক্যারিয়ারজুড়ে ৪২.০৪ গড়ে এ রান করেছেন তিনি। আছে ২৫টি সেঞ্চুরি ও ৫৩টি ফিফটির ইনিংস। সেরা ইনিংসটি ২২০ রানের।
তুষারের অর্জনের দিনে তার দল প্রাইম ব্যাংক সাউথ জোন খেলতে পেরেছে মাত্র ৩৩ ওভার। কুয়াশার কারণে এর বেশি খেলা গড়ায়নি মাঠে। যাতে দুই উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছে সাউথরা।
সৌম্য সরকার ১০ রানে আরেকবার ব্যর্থতার পরিচয় দিয়ে ফিরেছেন। শাহরিয়ার নাফীস ৫৩ রানে দ্বিতীয়দিনে তুষারের সঙ্গে সংগ্রহ এগিয়ে নিতে নামবেন।







