‘কোহলির চেয়ে বড় ছক্কা মারতে পারলে অনুসরণের দরকার কী’

ওজন ৯০ কেজিরও বেশি। বিরাট কোহলির থেকে স্বাস্থ্য ও ফিটনেসে সম্পূর্ণ বিপরীত মেরুর ক্রিকেটার আফগানিস্তান উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। খাওয়া পাগল এ আফগানের দাবি, কোহলির চেয়েও বড় ছক্কা হাঁকাতে পারেন তিনি। তাই কোহলির মতো স্বাস্থ্যসচেতন হওয়ার প্রয়োজন নেই তার।
২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। একজন গড়পড়তা ক্রিকেটারের ওজন থেকে একটু বেশিই শেহজাদের ওজন। কিন্তু তা নিয়ে মোটেও ভ্রুক্ষেপ নেই ৩০ বছর বয়সী আফগান ব্যাটসম্যানের। খাবারের বিষয়ে আপোষ করতে চান না মোটেও। খেতে ভীষণ পছন্দ করেন গরুর মাংস ও ভাত।
‘দেখুন আমি আমার ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করি। কিন্তু খাবারের বিষয়ে আমি মোটেও ছাড় দেবো না। চাইলে আমাকে কোহলির ফিটনেস রুটিন দিয়ে দেখতে পারেন। কিন্তু তাতে কাজ হবে না। তবে হ্যাঁ, আমি ওজন কমানোর চেষ্টা করছি।’
আফগানিস্তান সীমানাবর্তী পাকিস্তানের জালালাবাদ শরণার্থী শিবিরে খেলেই ক্রিকেটার হয়ে ওঠা শেহজাদের। ডোপ টেস্টে পজিটিভ হয়ে এক বছরের নিষেধাজ্ঞা কাঁটিয়ে এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। জানালেন নিজের পারফরম্যান্স বদলাতে কোহলির মত হওয়ার কোন ইচ্ছাই নেই তার।
‘আমি কোহলির চেয়েও বড় ছয় মারতে পারি। সুতরাং কোহলিকে অনুসরণ করার কোন প্রয়োজন নেই আমার।’
স্বাস্থ্যমোটা বলে প্রতিনিয়ত কটু কথা শুনতে হয় তাকে। মোহাম্মদ নবীর পর আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের দাবি সেসবকে মোটেও পাত্তা দেন না, ‘আমার কোচ ফিল সিমন্স জানেন আমাকে ৫০ ওভার ব্যাট করতে দিলে ৫০ ওভারই ব্যাট করতে পারবো। সুতরাং ওজন আমার কাছে কোন ব্যাপারই না।’







