ক্রিকেট

জাদরানের সেঞ্চুরিতে তিনশ লাগোয়া আফগান-চ্যালেঞ্জ অস্ট্রেলিয়াকে

অফিসিয়াল ক্রিকেট জার্সি পরা আফগান ক্রিকেটার বিজয়ী হয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের ক্রিকেটার জাদরান ১০০ রানের ইনিংসের পর উল্লাসে ভাসছেন, মাঠে দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওপেনার ইব্রাহিম জাদরানের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। শুরু থেকে পুরো ৫০ ওভার ক্রিজে কাটিয়েছেন জাদরান। শেষদিকে স্পিনার রশিদ খানের ঝড়ো ইনিংসে অজিদের ২৯২ রানের চ্যালেঞ্জ ছুঁড়তে পেরেছে সেমির স্বপ্ন ধরে রাখা দলটি।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। দেখেশুনে ধীরস্থির শুরু করেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। অষ্টম ওভারে এসে প্রথম সাফল্য পায় অস্ট্রেলিয়া, ২৫ বলে ২১ রান করা গুরবাজের উইকেট তুলে নেন জশ হ্যাজেলউড। উদ্বোধনী জুটিতে আসে ৩৮রান।

তিনে নামা রহমত শাহের সাথে জুটি গড়েন জাদরান। ১০০ বল খেলা এ জুটিতে আসে ৮৩ রান। ৪৪ বল খেলে ৩০ রান করা রহমতকে ফেরান চোট থেকে ফেরা গ্লেন ম্যাক্সওয়েল। এসময় নিজের অর্ধশতক তুলে নেন জাদরান।

চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক শহিদীর সাথে জুটি গড়েন জাদরান। এ জুটিতে আসে ৫২ রান, ২৬ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন শহিদী। পরে মোহাম্মদ নবীকে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান।

২১ বর্ষী ওপেনার জাদরানের এটি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। বিশ্বকাপে প্রথম। তিনঅঙ্কে যেতে খেলেন ১৩১ বল। ইনিংসে ৭টি চার এবং ২টি ছক্কার মার ছিল। শেষপর্যন্ত ১৪৩ বলে ১২৯ রানে অপরাজিত থাকেন, ৮ চার ও ৩ ছয়ে।

শেষদিকে জাদরানকে যোগ্য সঙ্গ দেয়ার সাথে ঝড়ো ইনিংস খেলেন রশিদ খান। ডানহাতি ব্যাটার ১৮ বলে ৩৫ রানের মূল্যবান ইনিংস খেলে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৯ ওভারে ৩৯ রানে ২ উইকেট নেন। স্টার্ক, ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।

বিষয়:অস্ট্রেলিয়াআফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩জাদরানম্যাক্সওয়েলরশিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…